আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান: নিহত ২২ জঙ্গি প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই সামরিক অভিযানে অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক সংগঠনের সদস্য বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে এই পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা পরিচালনা করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং জঙ্গিদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি ভিন্ন এলাকায় অবস্থিত জঙ্গিদের ক্যাম্প ও গোপন আস্তানায় এই আঘাত হানা হয় বলে দাবি করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সবসময় সচেষ্ট। তবে দেশটির নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া আফগানিস্তান এখনও সন্ত্রাসবাদের একটি কেন্দ্র হিসেবে রয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের হুমকি আফগানিস্তান থেকেই আসছে বলেও দাবি করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে এই অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় ‘গজব লিল-হক’ নামে এই সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। বিদেশি মদদ ও সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিকআফগানিস্তানপাকিস্তানবিমান হামলাসন্ত্রাসবিরোধী অভিযান