বীর মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারে ৯ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ বীর মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন, সৎকার এবং পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই বরাদ্দকৃত অর্থ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ছাড় করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দ রাখা ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ছাড় করা অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতের সঙ্গে সমন্বয় করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে নিজ নিজ জেলা বা উপজেলা ট্রেজারি থেকে এই অর্থ উত্তোলন করবেন। তবে এই অর্থ শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার, সমাহিত এবং পরিবহনের কাজেই ব্যবহার করা যাবে; অন্য কোনো উদ্দেশ্যে এটি ব্যয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে। এছাড়া, ৩০ জুন ২০২৭ তারিখের পর কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টকে এই আদেশ ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান এই আদেশে স্বাক্ষর করেছেন। SHARES জাতীয় বিষয়: জাতীয়দাফন ও সৎকারবাজেট বরাদ্দবীর মুক্তিযোদ্ধামুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়