কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় ইউরেনিয়ামের নতুন একটি চালান সফলভাবে পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী বহরটি বিদ্যুৎকেন্দ্রের মূল ফটক দিয়ে প্রবেশ করে। এই চালানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে শনিবার সকালে তিনটি বিশেষ লরির একটি বহর কড়া নিরাপত্তায় ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের এই চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি দেশে আনা হয়েছিল, যা চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। শিগগিরই সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালে শুরু হওয়া এই বিদ্যুৎকেন্দ্রটি ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মাধ্যমে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে নির্মিত হচ্ছে। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের নির্মাণ ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি। SHARES জাতীয় বিষয়: ইউরেনিয়ামঈশ্বরদীজ্বালানিপারমাণবিক বিদ্যুৎকেন্দ্ররূপপুর