বিমানবন্দর থানায় মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তোলার আগে প্রিজন ভ্যানের ভেতর থেকেই উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করেন আখতারুজ্জামান। তিনি দাবি করেন, যে দেশের জন্য তিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেই দেশেই তাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে রাখা হয়েছে। এ সময় প্রিজন ভ্যানের ভেতরে থাকা এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতেও দেখা যায় তাকে। পরে প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, 'আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।' শুনানির সময় আখতারুজ্জামান তার বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, মামলাটি থানায় রুজু হওয়ার আগেই ডিবি পুলিশ তার বাসায় উপস্থিত হয়েছিল। এর আগে শুক্রবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। SHARES অন্যান্য বিষয়: আখতারুজ্জামানআদালতজামায়াতবিমানবন্দর থানারিমান্ড