পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ দুপুর ১২টায় তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও ওষুধের প্রাপ্তি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে খাবারের গুণমানও যাচাই করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখানে এসেছেন। তিনি জানান, বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালটিকে ১৫০ শয্যায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। আগামী ১৫ দিনের মধ্যেই এর উন্নয়ন কাজ শুরু হবে এবং দরপত্র আহ্বান করা হবে। হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এখানে উন্নত মানের প্যাথলজি সেবা চালু করা হবে। এছাড়া প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা বরাদ্দ থাকবে। আগামী দুই বছরের মধ্যে এখানে ১০টি ডায়ালাইসিসের মেশিনের মাধ্যমে প্রতিদিন ২০ জন রোগী সেবা নিতে পারবেন, যার ফলে রোগীদের আর চিকিৎসার জন্য চট্টগ্রামে যেতে হবে না। এছাড়াও নারী ও পুরুষ রোগীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার এবং চিকিৎসক নিয়োগের ব্যবস্থাও করা হবে। নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার লক্ষ্যে শিগগিরই ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৫ জন মেডিক্যাল অফিসার, ৪ জন নার্স, মিডওয়াইফ, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। নতুন জনবল দু-এক দিনের মধ্যেই কাজে যোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালগুলোর প্রকৃত অবস্থা দেখার জন্য তিনি দেশব্যাপী সফর করছেন। পটিয়ার মতো প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। যেগুলোতে ৫০ শয্যা আছে, সেখানে আরও ১০১টি যোগ করা হবে। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রামপটিয়াস্বাস্থ্য কমপ্লেক্সস্বাস্থ্যমন্ত্রীহাসপাতাল