সালমানের শ্বশুর পরিচয়ে আপত্তি ব্যবসায়ী শেখ নূর ইসলামের প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বিভিন্ন কর্মকাণ্ডের সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ হিসেবে উপস্থাপন করায় তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী শেখ নূর ইসলাম। শনিবার এই বিষয়ে একটি লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা পাঠানো হয়েছে। ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিমের স্বাক্ষরিত ওই প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে তিনি বা তাঁর পরিবার কখনোই মেনে নেননি। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁদের সামাজিক ও পারিবারিক সব সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন রয়েছে। এই পরিস্থিতিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত, ব্যবসায়িক বা অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে শেখ নূর ইসলামের নাম জড়িয়ে তাঁকে ‘সালমানের শ্বশুর’ হিসেবে পরিচয় দেওয়াকে ‘অসত্য, অনভিপ্রেত এবং অত্যন্ত অশোভন’ বলে অভিহিত করা হয়েছে। সম্প্রতি সিলগালা হওয়া ‘টসবন্ড’ নামের ওয়্যারহাউসটির মালিকানার সঙ্গেও নিজের বা নিজের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন শেখ নূর ইসলাম। প্রতিষ্ঠানটিকে তাঁর মালিকানাধীন দাবি করাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ হিসেবে উল্লেখ করে জানানো হয়েছে, এর সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। নিজের ব্যবসায়িক অবস্থান স্পষ্ট করতে গিয়ে শেখ নূর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ছাড়া তাঁর আর কোনো মদের বার, ওয়্যারহাউস কিংবা ডিপ্লোমেটিক বন্ডেড হাউস নেই। তিনি মূলত রেস্তোরাঁ ও কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিবাদপত্রে আরও বলা হয়, শেখ নূর ইসলাম কানাডার নাগরিক এবং গত ৪৬ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাঁর দুই মেয়ে দিশা ইসলাম ও বর্ষা ইসলাম জন্মসূত্রে কানাডার নাগরিক। কানাডায় বৈধ ব্যবসার আয়ের মাধ্যমে নিয়ম মেনে প্রবাসী আয় পাঠিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করছেন বলে দাবি করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: টসবন্ডপ্রতিবাদফু-ওয়াংশেখ নূর ইসলামসালমান মুক্তাদির