মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন প্রশাসন

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

ইরানের জলসীমার কাছাকাছি তৃতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপসহ অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলো।

চলমান যুদ্ধ পরিস্থিতি এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে বেশ নিম্নমুখী। এই অবস্থায় সামরিক শক্তি বৃদ্ধির এমন সিদ্ধান্ত ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গত রোববার সান ডিয়েগো সামরিক ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমানবাহী রণতরী 'ইউএসএস থিওডোর রুজভেল্ট' স্ট্রাইক গ্রুপ। এর ঠিক পরদিনই ২ হাজারের বেশি মেরিন সেনাসহ যাত্রা শুরু করেছে মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনরি ইউনিট (এমইইউ)। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, আগামী নভেম্বরের শেষ সপ্তাহের দিকে ইরানের কাছাকাছি জলসীমায় তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি উভচর ল্যান্ডিং গ্রুপ অবস্থান নেবে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একাধিক বিকল্প পথ খোলা থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সেনা নিয়োজিত ছিল। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও সামরিক ফ্লাইট-ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে জানা গেছে, গত ফেব্রুয়ারির শুরু থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে ১২০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। এছাড়া ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন করে প্রায় সাত হাজার অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

এই অতিরিক্ত সেনা মোতায়েন সরাসরি যুদ্ধের তীব্রতা বাড়াবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে বোমাবর্ষণ বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন। অন্যদিকে, অনেক বিশ্লেষকের মতে এটি ইরানের সঙ্গে ওয়াশিংটনের একটি নতুন দরকষাকষির কৌশল হতে পারে। সম্প্রতি হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার একটি প্রস্তাব ইরান পাঠালেও তা প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে হবে।