ফুটবলে আসছে ডিজিটাল কার্ড, উরুগুয়ে কাপের ম্যাচে হলো প্রথম পরীক্ষা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

ফুটবলের ঐতিহ্যবাহী হলুদ ও লাল কার্ডের জায়গায় এবার দেখা যেতে পারে আধুনিক প্রযুক্তির ‘ইলেকট্রনিক কার্ড’। মাঠের সিদ্ধান্ত পরিচালনা ও প্রশাসনিক কাজকে আরও সহজ করতে সম্প্রতি উরুগুয়ে কাপে ম্যাচ পরিচালনার সময় রেফারিদের হাতে দেখা গেছে মোবাইল আকৃতির এই বিশেষ ডিজিটাল ডিভাইস। ন্যাসিওনাল ও রেনতিস্তাসের মধ্যকার ম্যাচে পরীক্ষামূলকভাবে ডিভাইসটি ব্যবহার করা হয়, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রযুক্তিভিত্তিক এই উদ্ভাবনটি এনেছে উরুগুয়েভিত্তিক প্রতিষ্ঠান ‘রেফে’। প্রায় তিন বছর আগে বৃষ্টির মধ্যে একটি ফুটবল খেলা দেখার সময় প্রতিষ্ঠানটির দুই পরিচালক মাউরো সাকো এবং দিয়েগো দে লা পেনা প্রথম এমন কার্ডের ধারণা পান। উরুগুয়ের একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে সাকো জানান, ফুটবলের একমাত্র যে জায়গাটি এখনো অ্যানালগ রয়ে গেছে, সেখানে প্রযুক্তি নিয়ে আসাই তাদের লক্ষ্য। নতুন এই ডিভাইসে নির্দিষ্ট সময় উল্লেখ করে (টাইমস্ট্যাম্প) ম্যাচের বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে রেকর্ড করা যায়। এতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ‘কমেট’ প্ল্যাটফর্মে অফিসিয়াল প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি অনেক দ্রুত ও সহজ হবে।

পরীক্ষামূলক প্রয়োগের পর ডিভাইসটি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা উভয়ই তুলে ধরেছেন দায়িত্বে থাকা রেফারি এদুয়ার্দো ভারেলা। তিনি জানান, নতুন এই যন্ত্রটি ব্যবহারে বেশ আরামদায়ক এবং এর সফটওয়্যার খুব দ্রুত কাজ করে। তবে তিনি মন্তব্য করেন, পকেট থেকে পটাপট কার্ড দেখানোর যে ঐতিহ্যগত অনুভূতি ছিল, তা কিছুটা মার খায়। তবুও প্রশাসনিক কাজ সহজ করার ক্ষেত্রে এটি দারুণ সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিভাইসটির প্রধান চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে দিনের আলো ও দূর থেকে স্পষ্ট দেখার বিষয়টি। এর আগে সূর্যের আলোয় স্ক্রিনের তথ্য পরিষ্কার দেখা না যাওয়ায় ডিভাইসটির একটি পরীক্ষা বাতিল করা হয়। সম্প্রতি শেষ হওয়া ম্যাচেও গ্যালারির দর্শক এবং টিভির সামনে থাকা দর্শকদের ডিজিটাল কার্ডে দেখানো সিদ্ধান্ত বুঝতে কিছুটা বেগ পেতে হয়েছে।

এ প্রসঙ্গে উদ্ভাবক দিয়েগো দে লা পেনা বলেন, টিভির চেয়ে মাঠে স্ক্রিন তুলনামূলক ভালো দেখা গেলেও সব দর্শকের জন্য স্পষ্ট দৃশ্যমানতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি জানান, হলুদ কার্ড যেন স্পষ্ট হলুদ এবং লাল কার্ড যেন লাল দেখায়, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। দর্শকদের সুবিধার্থে রেফারিরা যাতে কার্ডের রং আরও পরিষ্কারভাবে ফোটাতে পারেন, সেজন্য ডিভাইসের চারপাশে এলইডি লাইটিংসহ নানা পরিবর্তন আনা হচ্ছে। সাকো জানান, উদ্ভাবনটির ব্র্যান্ড নিবন্ধন করা হয়েছে এবং একইসঙ্গে এর হার্ডওয়্যার ও সফটওয়্যারের পেটেন্টও নেওয়া হয়েছে।