সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। তবে এ ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ জানান, প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই কাঠামো অনুযায়ী, কেউ যদি গুরুতর অন্যায় করে, তবে আইন অনুযায়ী তার বিচার ও সাজা নিশ্চিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি মিশনে থাকা শ্রম উইং থেকে একটি বার্তা পাওয়া গেছে। সেই তথ্যমতে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে গণ্য। সেই আইন মেনেই আদালত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, এ ঘটনার কারণ ও বিস্তারিত জানার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে, কারণ কর্মীদের সংশ্লিষ্ট বিষয়গুলো তারাই দেখে থাকে। সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পরই মৃতদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী পুনরায় জোর দিয়ে বলেন, আইনের ব্যত্যয় ঘটলে সরকারের কিছু করার থাকে না, তাই প্রবাসীদের অবশ্যই নিজ নিজ দেশের আইন মেনে চলতে হবে। SHARES অন্যান্য বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশিমৃত্যুদণ্ডশামা ওবায়েদসৌদি-আরব