সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনি গ্রেপ্তার প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬ সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলায় পুলিশের একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর দেবহাটায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শামীম উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে ছিলেন। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি হিসেবে পারুলিয়ার ফজলুল হক আমিনিকে অভিযুক্ত করা হয়েছিল। SHARES অন্যান্য বিষয়: অপরাধগ্রেপ্তারদেবহাটাসাতক্ষীরাহত্যা মামলা