দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত, জেদ্দা-মদিনা চালু প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬ সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এছাড়া রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত রাখবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। SHARES জাতীয় বিষয়: দাম্মামফ্লাইট স্থগিতবিমান চলাচলবিমান বাংলাদেশরিয়াদসৌদি-আরব