কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন তিন শতাধিক পর্যটক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনার মাত্র সাত দিনের মাথায় এবার শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার সময় নয়তলা ভবনটির শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুনের ধোঁয়া দেখে হোটেল কর্মী ও পথচারীদের মধ্যে হইচই শুরু হয়। দ্রুত পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে হোটেলের ভেতরে থাকা পর্যটকেরা তড়িঘড়ি করে বেরিয়ে পাশের সৈকতে গিয়ে আশ্রয় নেন।

বিকেল চারটার দিকে পার্কিং এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশ, ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও হোটেল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে নিকটবর্তী স্টেশন থেকে একটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দ্য সি প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানান, হোটেলে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। কর্মীদের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বর্তমানে হোটেলে অবস্থানরত সকল পর্যটক নিরাপদে আছেন।