নির্ধারিত সময়ের পর আপিলের সুযোগ নেই, জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, আইন সবার জন্যই সমান এবং নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করার কোনো সুযোগ নেই।

বিলম্বিত আপিলের বিষয়ে অতীতে ঘটা আবুল কালাম আজাদের মামলার উদাহরণ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্ধারিত সময়ের পর আপিল করতে গেলে তার কী পরিণতি হতে পারে, তা ওই মামলার মাধ্যমে আদালত দেখিয়েছেন। তিনি জানান, ওই মামলায় আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি চললেও আদালত আবেদনকারীর যুক্তি আমলে নেননি।

তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপিল বিভাগে আবেদন করেছিলেন। সেই ক্ষেত্রে আদালত 'ডিলে কনডোনেশন' বা বিলম্ব মওকুফের বিষয়টি যাচাই করেছিলেন। তবে আইন সবার জন্য একই এবং এটি অত্যন্ত স্পষ্ট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা সবাই আইনের কথাই বলেছেন এবং তাদের সুর একই।

বর্তমানে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরা ও আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি কীভাবে ফিরবেন তার ব্যাখ্যা আমি দেব না। আমি শুধু আইনের কথা বলতে পারি। দণ্ডপ্রাপ্ত আসামি যদি নিজেকে আইনের সামনে সোপর্দ করতে চান, তবে তিনি আসতে পারেন, কিন্তু তাকে আইন মানতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট বলে তিনি পুনরায় উল্লেখ করেন।