কবরজীবনে মানুষের সঙ্গে কী ঘটবে? ইসলামের দৃষ্টিভঙ্গি ও হাদিসের শিক্ষা

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

ইসলাম কেবল নামধারী হওয়ার নাম নয়, বরং এটি এমন এক বিশ্বাসের নাম যা আন্তরিকভাবে সত্য বলে গ্রহণ করা হয়। ইসলামের বিশ্বাসের ছয়টি মূল স্তম্ভের অন্যতম হলো পরকাল বা শেষ দিনের প্রতি বিশ্বাস। মহানবী মুহাম্মাদ (সা.) মৃত্যুর পর যে সকল ঘটনার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে কবরের প্রশ্নোত্তর, শাস্তি, প্রতিদান এবং হাশর-নাশর বা পুনরুত্থান অন্যতম।

মৃত্যুর মুহূর্তটি পরকালের প্রথম ধাপ। কোনো মোমিনের মৃত্যু উপস্থিত হলে আকাশ থেকে শুভ্র চেহারার ফেরেশতারা নেমে আসেন, যাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল। তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও বেহেশতের সুগন্ধি। তারা মৃত ব্যক্তির চারপাশে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত অবস্থান নেন। এরপর প্রাণ হরণকারী ফেরেশতা এসে মাথার পাশে বসে বলেন, 'হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা পানির ফোঁটার মতো সহজে শরীর থেকে বেরিয়ে আসে। মোমিন ব্যক্তি দুনিয়ার কষ্ট থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতের দিকে যাত্রা করেন।

তবে অবিশ্বাসী বা কাফের ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে কালো চেহারার ফেরেশতারা রুক্ষ পশমি মোটা কাপড় নিয়ে উপস্থিত হন। তারা চারপাশে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত বসে থাকেন। এরপর মালাকুল মওত এসে মাথার পাশে বসে বলেন, 'হে নিকৃষ্ট আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে।' তখন সেই আত্মা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা অত্যন্ত কষ্টসহকারে টেনে বের করা হয়। যেমন ভেজা পশম থেকে লোহার কাঁটাযুক্ত দণ্ড টেনে বের করা হয় (মুসনাদে আহমদ: ১৮৫৫৭)। অপরাধী বা ফাসেক ব্যক্তির মৃত্যুতে মানুষ, জমিন, গাছপালা ও পশুরা স্বস্তি লাভ করে (বোখারি: ৬৫১২)।

মৃত্যুর পর মানুষ বরজখের জীবনে প্রবেশ করে, যা দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী সময়। কবর হলো পরকালের প্রথম ঘর। দাফনের পর মৃত ব্যক্তি তার সঙ্গীদের জুতার শব্দ শুনতে পান। এরপর তাকে তিনটি প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে খুব অল্প সংখ্যক মানুষই সক্ষম হন। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, 'তোমাদের কবরের পরীক্ষা হবে দাজ্জালের পরীক্ষার মতো কঠিন' (বোখারি: ৭২৮৭)।