কাশিমপুর কারাগারে কয়েদির পেট থেকে অস্ত্রোপচারে বের হলো নানা বস্তু প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন। হাসমত আলী (৪৪) নামের ওই কয়েদি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। কারাগার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা এসব বস্তু বের করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দী অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়। পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন এবং একপর্যায়ে সেগুলো খেয়ে ফেলতেন। শারীরিক অসুস্থতা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। SHARES জাতীয় বিষয়: অস্ত্রোপচারকারাগারকাশিমপুর কারাগারগাজীপুরহাসমত আলী