পল্লবীতে শিশু রামিসা হত্যা: ডেথ রেফারেন্সের শুনানি শেষ, রায় কাল প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকন্যা রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি সম্পন্ন হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। আগামীকাল এই ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণা করার কথা রয়েছে। চলতি সপ্তাহের সোমবার হাইকোর্টের এই বেঞ্চে ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। প্রচলিত আইন অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে গণ্য করা হয়। এর পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল বা জেল আপিলের আবেদন করে থাকেন। ডেথ রেফারেন্স ও আসামিদের দায়ের করা আপিল শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত সিন্ধান্ত প্রদান করবেন। মামলার নথি ও এজাহারের তথ্য অনুযায়ী, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল আট বছর বয়সী রামিসা আক্তার। গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার প্রতিবেশী সোহেলের ঘর থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়েছিল। নৃশংস এই ঘটনার পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় প্রতিবেশী সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার বিবরণ ও তদন্তকারীদের তথ্যমতে, শিশু রামিসাকে নিজের ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে প্রতিবেশী সোহেল। পরবর্তীতে অপরাধ ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে এবং আলামত লোপাটের উদ্দেশ্যে মরদেহ টুকরো করার চেষ্টা চালায়। ঘটনাটি প্রকাশের পরপরই তদন্ত শেষে গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তার চার্জশিটে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং অপরাধের আলামত ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধের কাজে সহায়তার অভিযোগ করা হয়। সিএমএম আদালতে চার্জশিট দাখিলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি বিচারিক নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। SHARES অন্যান্য বিষয়: আদালতডেথ রেফারেন্সপল্লবী হত্যা মামলামৃত্যুদণ্ডরামিসা আক্তারহাইকোর্ট