মালিকপক্ষের প্রস্তাব জমার দিন হঠাৎ স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভাটি আজ সোমবার হঠাৎ স্থগিত করা হয়েছে। পূর্বসূচি অনুযায়ী বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুরু হওয়ার মাত্র দুই থেকে তিন ঘণ্টা আগে এক জরুরি নোটিশে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল, যা জমা হওয়ার পরই মূলত মজুরি পুনঃনির্ধারণের মূল দর-কষাকষি শুরু হতো। মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত স্থগিতের নোটিশে বলা হয়েছে, 'তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।' তবে কার আদেশে এই সভা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কথা বলতে সচিবের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করার পর পরিস্থিতির প্রেক্ষাপটে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। অন্যদিকে মালিকপক্ষ গত সপ্তাহেই তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছিল বলে জানা গেছে। বিজিএমইএ সূত্রে জানা যায়, মালিকদের প্রাথমিক প্রস্তাবটি ছিল ১৫ হাজার টাকার কাছাকাছি, তবে দর-কষাকষির জন্য একটি বিকল্প প্রস্তাবও তৈরি রাখা হয়েছিল। মজুরি প্রস্তাব চূড়ান্ত করার অংশ হিসেবে গত বুধবার বিজিএমইএর সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করেন বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান। পরবর্তীতে গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সভায় সাধারণ মালিকদের কাছ থেকে ন্যূনতম মজুরি হার নিয়ে মতামত সংগৃহীত হয়। বৈঠক স্থগিতের নেপথ্যে শিল্প অসন্তোষ ও নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে বলে জানা গেছে। গত শনিবারের সভার পর কয়েকজন শিল্পমালিক বিজিএমইএ সভাপতিকে পরামর্শ দেন যে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যেন প্রস্তাব জমা দেওয়া না হয়। মালিকদের আশঙ্কা ছিল, নতুন প্রস্তাব প্রকাশ পেলে শিল্পাঞ্চলে পুনরায় উত্তেজনা দেখা দিতে পারে। পাশাপাশি বর্তমানে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভ ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, মালিকেরা মজুরি প্রস্তাব ঘোষণা করলে তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল ও অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। ওই গোয়েন্দা প্রতিবেদনের পর গতকাল রাত নয়টার দিকে সরকারের ওপর মহল থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তা গোপন রাখা হয় এবং আজ সকালে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়। এদিকে মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের মধ্যে আজ সকালে গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা আবারও সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। শ্রম অসন্তোষের এমন পরিস্থিতিতে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। এ ছাড়া আজকের জন্য আরও দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বৈঠক বাতিল হওয়ার প্রসঙ্গে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, মজুরি বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সোয়া নয়টার দিকে সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া বার্তার মাধ্যমে তারা স্থগিতের খবর জানতে পারেন। তিনি বলেন, 'আজকের সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। দ্রুত কার্যক্রম শেষ করতে আমাদের আগ্রহের কমতি নেই।' তিনি জানান, বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সভাটি স্থগিত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, সকাল আটটার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাঁকে ফোন করে সভা স্থগিতের কথা জানান। আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষকেই সভা স্থগিতের মূল কারণ হিসেবে চেয়ারম্যান উল্লেখ করেন। সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম বলেন, শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা চলছিল এবং উসকানির সুযোগ ছিল। এমন পরিস্থিতিতে মজুরি প্রস্তাব পেশ করা হলে তা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ঝুঁকি তৈরি হতো। তাই স্থগিতের সিদ্ধান্তটি অত্যন্ত বিচক্ষণ হয়েছে। তবে তিনি দ্রুত অর্থবহ মজুরি বৃদ্ধির আলোচনা ফের শুরুর তাগিদ দেন। অন্যদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আইনগত দিক তুলে ধরে বলেন, শ্রম আইন অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান, মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকলেই সভার কোরাম হয়ে যায়। ফলে স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অনুপস্থিতির কারণে বৈঠক স্থগিতের বাধ্যবাধকতা নেই। তিনি মন্তব্য করেন, প্রস্তাব দেওয়া বা আলোচনা পিছিয়ে দেওয়া শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে, যা চলমান অসন্তোষে উসকানি দেওয়ার মতো কাজ করতে পারে। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিপোশাক-শ্রমিকবিজিএমইএমজুরি বোর্ডশ্রম অসন্তোষসর্বনিম্ন মজুরি