স্পেনের কাছে হেরে বেদনার সাক্ষী হলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ উপভোগ করতে গিয়েছিলেন। রোববার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বড় পর্দায় এই মেগা ম্যাচটি প্রদর্শিত হয়। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে, হাতে পতাকা আর ভুভুজেলার ধ্বনিতে পুরো সম্মেলন কেন্দ্রটি যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছিল।

খেলা শুরুর আগে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিয় দলের দেশের দূতকে কাছে পেয়ে আকাশী-সাদা সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা গিয়েছিল।

তবে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে স্পেন ১-০ গোলে জয়ী হওয়ায় আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে যায়। এর ফলে মাঠে উপস্থিত ভক্তদের সাথে একরাশ বেদনার সাক্ষী হতে হলো আর্জেন্টাইন এই দূতকে। সাভারে ফুটবলপ্রেমীদের বাঁধনহারা উন্মাদনা আর শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্য দিয়ে সম্পন্ন হয় ফুটবল বিশ্বকাপের এই ফাইনাল মহারণ।