ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ ফিফপ্রোর প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬ বিশ্বকাপ আয়োজনের জন্য একটি কোম্পানি খুলে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর অপব্যবহারের’ অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ৭০টিরও বেশি দেশের খেলোয়াড় সংগঠন নিয়ে গঠিত এই সংস্থাটি জানিয়েছে যে, ইনফান্তিনোর কর্মকাণ্ডে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়েছে’। ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করেছিল, যার মাধ্যমে বিশ্বকাপসহ বড় বড় প্রতিযোগিতাগুলো আয়োজনের কথা ছিল। সদস্য সংস্থাগুলোকে জানানো হয়েছিল যে, এই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়া হবে। তবে তীব্র বিরোধিতার মুখে ফিফা গত সপ্তাহে এই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানায়। মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকের পর বুধবার ফিফা এক বিবৃতিতে স্বীকার করে যে, ওই পরিকল্পনা কার্যক্রমটি ‘ভুল’ ছিল। ফিফার এই বিবৃতির ভাষা পছন্দ হয়নি ফিফপ্রোর। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় সংগঠনটি বলেছে, এফএফই প্রস্তাব প্রত্যাহার করা অনিবার্য ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে প্রস্তাবটি পুরোপুরি মুছে গেছে। ফিফপ্রো বিষয়টিকে নিছক পরিচালনাগত ব্যর্থতা না বলে সরাসরি ‘প্রেসিডেনশিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, এই প্রত্যাহার একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঠেকিয়েছে ঠিকই, কিন্তু আস্থার সংকট এখনো কাটেনি। সতর্কভাবে সাজানো বিবৃতি, অভ্যন্তরীণ পর্যালোচনা কিংবা প্রক্রিয়া উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এই আস্থা পুনরুদ্ধার সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেছে। ফিফপ্রো বলেছে, যেসব সংস্কার এমনিতেই থাকা উচিত ছিল, শুধু সেগুলোর ঘোষণা দিয়ে আস্থা ফেরানো যাবে না। সংগঠনটির দাবি, এই সংকট খেলোয়াড়দের তৈরি নয়; বরং তারাই চায় ফুটবল যেন এই সংকট থেকে আরও শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী সুরক্ষাব্যবস্থা এবং খেলাটির প্রাপ্য আস্থার যোগ্য নেতৃত্ব নিয়ে বেরিয়ে আসে। এ বিষয়ে ফিফার মহাসচিব মাটিয়া গ্রাফস্ট্রমকে একটি চিঠি দিয়ে পরিচালনা কাঠামোয় সংস্কারের দাবি জানিয়েছে ফিফপ্রো। বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের দেখা ওই চিঠিতে বলা হয়েছে, ফিফা সভাপতির পদ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠানকে পাশ কাটানোর জন্য নয়। বিশ্বকাপ কোনো সভাপতির ব্যক্তিগত সম্পদ নয়, ফিফাও নয়। SHARES ক্রিকেট বিষয়: জিয়ান্নি ইনফান্তিনোফিফপ্রোফিফাফুটবলবিশ্বকাপ