হজ প্যাকেজের খরচ ও বিমান ভাড়া কমাল সরকার প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী আগামী বছরের হজ প্যাকেজ আরও সাশ্রয়ী ও সহজ করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানান, ২০২৭ সালের হজ প্যাকেজ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা, যা আগের বছর ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। অর্থাৎ এ প্যাকেজে ৭৫ হাজার ৩৫৪ টাকা কমানো হয়েছে এবং এর মধ্যে খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হজ প্যাকেজ-২ এর মূল্য ২০২৬ সালের ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা থেকে কমিয়ে ২০২৭ সালের জন্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ৫৩ হাজার ২৩৩ টাকা সাশ্রয় হবে এবং প্যাকেজে ২৯ হাজার টাকা খাবার খরচ হিসেবে যুক্ত থাকবে। হজযাত্রীদের বিমান ভাড়াও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ২০২৬ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা ২০২৭ সালের জন্য ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, সাধারণত সেবার ব্যয় বাড়লেও হাজিদের সুবিধার কথা চিন্তা করে সরকার এ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। বিবৃতিতে ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি আরবে যাওয়া হাজিদের হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত ছিল। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিএফটির মাধ্যমে এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে, যা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ। ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও নিবিড় মনিটরিংয়ের কারণে এই হজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যার প্রশংসা করেছেন সৌদি আরবের হজ মন্ত্রীও। হাজিদের খেদমত করাই সরকারের মূল লক্ষ্য এবং ভবিষ্যতে এই ধারায় মানবিকতা ও সততা বজায় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় কম খরচ হওয়ায় হিসাব শেষে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে। SHARES জাতীয় বিষয়: ধর্ম মন্ত্রণালয়বাংলাদেশ সরকারবিমান ভাড়াহজহজ প্যাকেজ