সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনসহ তিনটি ভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কে অবস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা সোয়া একটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হলে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের ডান পাশের দেয়াল ঘেঁষে বাগানের ভেতরে থাকা প্রায় ১০ ফুট গ্যাসলাইনের রাইজারটিতে আগুন ধরে যায়।

একই সময়ে মন্ত্রীর বাসভবনের পাশে অবস্থিত হোসেনপুর বাগানবাড়ির আরও দুটি ভবনের গ্যাসলাইনেও বজ্রপাতের ফলে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, বজ্রপাতের কারণে তিনটি ভবনেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমানও বিষয়টি নিশ্চিত করেছেন।