সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাঁচটি সুইসাইড নোট জব্দ প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৫। দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলক চ্যাটার্জির নিজ হাতে লেখা পাঁচটি আবেগঘন সুইসাইড নোট (চিরকুট) উদ্ধার করেছে পুলিশ। পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে এই চিরকুটগুলো লিখে গেছেন। স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, "আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তবুও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।" বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশ্যে তিনি লিখেছেন, "জাকির বিদায়। তোমার সঙ্গে অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।" ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, "বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।" দীর্ঘদিনের সহকর্মী ও সমকাল বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, "সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। এক সঙ্গে প্রায় দেড় যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।" পুলিশ মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, সুইসাইড নোটগুলো পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জানা গেছে, পুলক চ্যাটার্জি সমকাল পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বরিশালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে চাকরিচ্যুত করার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। যদিও বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী পুলকের ওপর সম্মান প্রদর্শন করে তাকে অফিসে বসার সুযোগ দিয়েছিলেন। শুক্রবার সুমন চৌধুরী অফিসে এসে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান এবং পরবর্তীতে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। SHARES জাতীয় বিষয়: দৈনিক সমকালপুলক চ্যাটার্জিবরিশালসাংবাদিকসুইসাইড নোট