বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের তীব্রতা প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশে বৃষ্টির প্রবণতা আপাতত কমে আসার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার থেকে পরবর্তী ৮ থেকে ১০ দিনে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। এর বিপরীতে দিনের বেলায় রোদ ও গরমের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে এবং অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। কোনো কোনো দিন সারাদেশে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত রোদ থাকতে পারে, আবার কিছু এলাকায় দিনের প্রায় পুরো সময়জুড়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় তুলনামূলক বেশি গরম অনুভূত হবে। এসব অঞ্চলের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে এবং কোথাও কোথাও তা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তীব্র গরমের সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর ও নীলফামারীসহ আশপাশের এলাকায়। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কমলেও দেশ পুরোপুরি বৃষ্টিশূন্য থাকবে না। বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের তুলনায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। ১৩ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই চার বিভাগের বিভিন্ন জেলায় দিনে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকলেও দুই থেকে চার দিন বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে গড়ে ৫ থেকে ৭ দিন বৃষ্টিহীন থাকার সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি কৃষকদের পরামর্শ দিয়েছে যে, ধানের ফসল কাটার উপযোগী হলে বর্তমান শুষ্ক আবহাওয়াকে কাজে লাগিয়ে দ্রুত ধান কাটার কাজ শেষ করা যেতে পারে। পর্যটকদের জন্যও এই সময়টি সুবিধাজনক হতে পারে, কারণ পার্বত্য চট্টগ্রাম, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলসহ বিভিন্ন পর্যটন এলাকায় আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। সাগরে থাকা লঘুচাপের প্রভাব শনিবার রাতের দিকে কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সাগরে নতুন করে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল হতে পারে। এ কারণে সাগরে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি ও সতর্কবার্তা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। SHARES জাতীয় বিষয়: আবহাওয়াতাপপ্রবাহতাপমাত্রাবাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমবৃষ্টি