রাজধানীতে ৩ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে মিরপুর-১১ নম্বর, মিরপুর ১ নম্বর, মধ্যবাড্ডা ও যাত্রাবাড়ী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এবং ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠনের কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর কিছুক্ষণ পরই মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে আরেকটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেখানে অভিজাত পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুড়েনি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, মধ্যবাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল জানান, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একই সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী থানার বিপরীত পাশে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটা এ ঘটনার তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।