শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে অক্ষত অবস্থায় দাঁড়াশ সাপ উদ্ধার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় একটি বাড়ির রান্নাঘর থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মানিক মিয়ার বাড়ির রান্নাঘরে ঘটনাটি ঘটে।

জানা যায়, মানিক মিয়ার স্ত্রী রান্না করার সময় লাকড়ির ওপর সাপটি দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্যসহ আশেপাশের লোকজন ছুটে আসেন। সাপটি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সেটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। তবে বাবু নামের এক ব্যক্তি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সবাইকে সাপটি না মারার অনুরোধ জানান এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

মানুষের হইচইয়ের কারণে সাপটি লাকড়ির নিচে লুকিয়ে পড়ে। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রায় ৪০ মিনিট ধরে সতর্কতার সাথে লাকড়িগুলো সরিয়ে তল্লাশি চালিয়ে সাপটিকে খুঁজে বের করেন। কোনো ধরনের আঘাত না করে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী সময়ে সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে বা আহত অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত বন্যপ্রাণী বিভাগ বা ফাউন্ডেশনকে অবহিত করতে হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত