শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষিখাত। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, তার সরকার প্রযুক্তি, সেচ, কৃষি অর্থায়ন ও কৃষিপণ্যের বাজার সংযোগ সহজলভ্য করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা প্রদান করছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পরিপূরক হিসেবে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি শিল্পকে এগিয়ে নিতে হবে, কারণ একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম। উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সুদৃঢ় করছে। তিনি উল্লেখ করেন যে, আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখতে হবে। এছাড়া, তিনি বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ ও উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের নিশ্চয়তা প্রদান করবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বৈশ্বিক দায়িত্ব পালন করছে। মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। তিনি এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক ও আর্থিক সহায়তার ওপর গুরুত্ব দেন। সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে দরিদ্র পরিবারের মায়ের হাতে আর্থিক সহায়তা, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের প্রণোদনা ও ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে সবার জন্য চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া, ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই হবে নারী। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্য রয়েছে সরকারের। পানি ও পরিবেশ সুরক্ষায় নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে। পরিশেষে, বঙ্গোপসাগরীয় অঞ্চলকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। SHARES জাতীয় বিষয়: কৃষিখাতগ্রামীণ অর্থনীতিতারেক-রহমানবাংলাদেশবে অব বেঙ্গল কনফারেন্স