চুনারুঘাটে আধুনিকতার ভিড়ে বিলুপ্তির পথে গরু দিয়ে জমি চাষ প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কালের বিবর্তনে গরু দিয়ে জমি চাষ করার ঐতিহ্যবাহী প্রথাটি হারিয়ে যেতে বসেছে। এক সময় উপজেলার গ্রামগুলোতে কাকভোরে কৃষকদের গরু ও লাঙ্গল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য ছিল অতি পরিচিত। কিন্তু বর্তমান সময়ে পাওয়ার টিলার ও ট্রাক্টরের ব্যাপক ব্যবহারের কারণে গরুর হাল চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি সংশ্লিষ্টদের মতে, পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে দ্রুত জমি চাষ করা সম্ভব হলেও মাটির স্বাস্থ্য ও জৈব গুণ রক্ষায় গরুর লাঙ্গলের কার্যকারিতা অনন্য ছিল। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য টিকিয়ে রাখা না গেলেও গ্রামীণ জনপদে এর গুরুত্ব ও স্মৃতি চিরকাল অম্লান থাকবে। চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের পঁচাশির্ধ্বো কৃষক কাছন শীল জানান, আগেকার দিনে কৃষকরা ঐতিহ্যগতভাবে গরু দিয়েই জমি চাষ করতেন, কিন্তু আধুনিক পাওয়ার টিলারের যুগ আসায় তা আজ অতীত হতে চলেছে। অন্যদিকে, কালেঙ্গা এলাকার কৃষক মর্তুজ আলী মনে করেন, গরু দিয়ে লাঙ্গল চালালে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেত ও ফসল ভালো হতো। বর্তমানে পাওয়ার টিলার ব্যবহারের ফলে মাটির গুণগত মান দিন দিন কমে যাচ্ছে। কাদিরখিল এলাকার আইয়ুব আলী এই প্রথাকে কৃষিসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, যান্ত্রিক ও আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী এই চাষাবাদ পদ্ধতি হারিয়ে যাচ্ছে। মাটির উর্বরতা রক্ষায় গরু ও লাঙ্গলের ভূমিকার কথা স্বীকার করে তিনি জানান, এই ঐতিহ্য সংরক্ষণে উপজেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES কৃষি বিষয়: আধুনিক চাষাবাদকৃষি ঐতিহ্যগরুর লাঙ্গলচুনারুঘাটহবিগঞ্জ