দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাঁদের এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আ. রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৫), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহাবুব (৫২) এবং মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে খাকন হাওলাদার (৪৫)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে তাঁদের আটক করার পর এই সাজা দেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি হাতটানা মইয়া জাল জব্দ করা হয়, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে নদীতে যেকোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নদীতে মাছ ধরার সরঞ্জামসহ অবস্থান করায় তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষা করতে দশমিনা উপজেলার নদ-নদীতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে চলতি বছরের ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।