জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে বিচার শুরু

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন এবং সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। অভিযুক্ত তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)। বর্তমানে তিনজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং আজ তাঁদের আদালতে হাজির করা হয়।

নিহত জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুলিশের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এক মাস ধরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তদন্তে উঠে আসে যে, মাহির রহমান ছিলেন মূল হামলাকারী, বর্ষা হত্যার পরিকল্পনাকারী এবং আয়লান হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, জোবায়েদ পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। গত বছর ১৯ অক্টোবর বিকেলে তিনি বংশাল থানা এলাকার আরমানিটোলার বাসায় বর্ষাকে পড়াতে যান। সন্ধ্যার দিকে বর্ষা জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে ফোন করে জানান যে তাঁর গৃহশিক্ষক খুন হয়েছেন। খবর পেয়ে জোবায়েদের ভাই এনায়েত হোসেন ঘটনাস্থলে পৌঁছে ভবনের সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান। পরে এনায়েত হোসেন বাদী হয়ে বংশাল থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ জুন পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।