রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ৩ প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জ্বলন্ত বাসের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। একই সময়ে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর এবং উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি মেট্রো স্টেশনের নিচে পুলিশ ককটেল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে। এছাড়া পোস্তাগোলা ব্রিজের ওপর দুর্বৃত্তরা দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। এসব ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া টিএসসি এলাকায় এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ। SHARES অন্যান্য বিষয়: অগ্নিসংযোগআইনশৃঙ্খলাককটেল বিস্ফোরণঢাকাফার্মগেট