সিংগাইরে নিয়ম ভেঙে ইটভাটা পরিচালনা, ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইটভাটা দুটি হলো উপজেলার বায়রা ইউনিয়নের মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং বলধারা ইউনিয়নের মেসার্স আউয়াল ব্রিকস-৩। আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অপরাধে ভাটা দুটির মালিক আব্দুল আউয়ালকে প্রতিটি ভাটার জন্য দুই লাখ টাকা করে সর্বমোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও খায়রুন্নাহার জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইনবহির্ভূতভাবে ইটভাটা চালানো যাবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, কেউ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত