দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ছেলে জয় শাহ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে যে, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আইসিসির পরিচালকদের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করা হয়েছিল, যা বোর্ডের তার নেতৃত্বের ওপর থাকা দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবে দেখছে সংস্থাটি। এই পুনর্নিয়োগের ফলে ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ধারাবাহিক নেতৃত্ব বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। আইসিসি বর্তমানে বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, সমর্থকগোষ্ঠী বৃদ্ধি এবং বাণিজ্যিক সাফল্য অর্জনের দিকে বিশেষ নজর দিচ্ছে। দায়িত্ব পাওয়ার পর জয় শাহ বোর্ডের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের বিষয়। জয় শাহ আরও উল্লেখ করেন যে, ক্রিকেট এখন এক রোমাঞ্চকর সময়ে প্রবেশ করেছে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন খেলাটির জন্য একটি বড় মাইলফলক। এটি নতুন দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার সুযোগ তৈরি করবে। আইসিসির শীর্ষ পদে আসার আগে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আইসিসির লক্ষ্য কেবল সফল টুর্নামেন্ট আয়োজন নয়, বরং খেলোয়াড়, সমর্থক ও বাণিজ্যিক অংশীদারদের সহায়তায় ক্রিকেটের একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলা। মানুষকে একত্রিত করার ক্ষেত্রে ক্রিকেটের সক্ষমতাকে তিনি খেলাটির সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে তিনি এমন অগ্রগতি নিশ্চিত করতে চান, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অবদান হয়ে থাকবে। SHARES অন্যান্য বিষয়: আইসিসিক্রিকেটচেয়ারম্যানজয় শাহবিসিসিআই