চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর, জিজ্ঞাসাবাদে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। আদালত থেকে রোববার (১৫ নভেম্বর) রিমান্ড মঞ্জুরের পর পরই তাকে এসআরইউ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য ও বিষয় সামনে রেখে তাকে মুখোমুখি প্রশ্ন করলেও তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিশেষ কিছু কৌশলগত দিক কেন্দ্র করে এই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিশেষ করে, ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ কিংবা ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এমন উসকানিমূলক খুদে বার্তা কাদের কাছে এবং কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তা জানতে চান তদন্তকারীরা। তবে এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর না দিয়ে এসপি জাহাঙ্গীর মুখ খুলছেন না বা এড়িয়ে চলছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাকে গ্রেফতারের ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশে দায়িত্ব পালনরত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিমান্ডের আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা পুরো ঘটনার নেপথ্য রহস্য উন্মোচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় অন্তর্ঘাতমূলক এই ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল, তা নিবিড় তদন্তে বের করা জরুরি। একই সঙ্গে এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত অন্যদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

এছাড়া আসামিকে দেশ বা বিদেশ থেকে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করার কথাও আবেদনে বলা হয়। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা কিংবা কুচক্রী মহলের হাত রয়েছে কি না, তা পরিষ্কার করার ওপর জোর দিয়েছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এসব প্রশ্নের উত্তর মিললেই পুরো ঘটনার রহস্য উন্মোচিত হবে।

এ বিষয়ে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রোববার সন্ধ্যা থেকেই এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন থাকায় এ মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান তিনি। (প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম)