জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে থানায় মারধর ও দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই আদেশে নতুন পদায়ন করা হয়েছে একাধিক থানায়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবির।
এর আগে খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানের বিরুদ্ধে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে থানায় হেনস্তা ও অসদাচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে এই পদক্ষেপ নেওয়া হলো।
এদিকে নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ সোলাইমান পূর্বে পাঁচলাইশ ও বাকলিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নতুন ওসি মোহাম্মদ জাহিদুল কবির সিটিএসবিতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
প্রশাসনের এই রদবদলকে ঘিরে চট্টগ্রাম নগর পুলিশের অভ্যন্তরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।