শনিবার (৬ জুন) রাতে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে দক্ষিণ কাট্টালী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় আসামি নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন থেকে পালিয়ে থাকার সুযোগ কাউকে দেওয়া হবে না।