বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও মামদানি: মাঠে কার সমর্থন? প্রকাশিত: 5:18 PM, July 18, 2026 বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। তবে রাজনীতির বিপরীত মেরুর এই দুই নেতার আলাদা করে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন মেয়রের মুখপাত্র। এর আগে গত মাসের এনবিএ ফাইনালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেদিন ট্রাম্পের উপস্থিতির কারণে নজিরবিহীন নিরাপত্তার জেরে স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টি বাতিল করতে হয়েছিল এবং দর্শকদের নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই মাঠে ঢুকতে হয়েছিল। তখন গ্যালারির ওপরের সারিতে সাধারণ দর্শকদের মতো খেলা উপভোগ করেছিলেন মেয়র মামদানি। এবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ে আবারো তাদের একই মাঠে দেখা যাবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো আগেই নিশ্চিত করেছেন যে, ট্রাম্প বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন। তিনি বলেছিলেন, আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। তবে টুর্নামেন্টের শুরুতে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা নিয়ে ট্রাম্পের ফিফায় হস্তক্ষেপ এবং তা ইনফ্যান্তিনোর মেনে নেওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক ছিল। উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতির কারণে ফাইনাল ম্যাচটিকে ফেডারেল কর্তৃপক্ষ ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে আকাশসীমা নিয়ন্ত্রণসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে এবারের বিশ্বকাপে গ্যালারিতে দেখা না গেলেও মেয়র মামদানি শুরু থেকেই সরব। তিনি নিউ জার্সির প্রথম ম্যাচে মাঠে ছিলেন। তিনি ফুটবল ভক্ত হিসেবে পার্কগুলো রাতে খোলা রেখে ওয়াচ পার্টির ব্যবস্থা করা, ৫০ ডলারের বিশেষ জার্সি এবং সাধারণ মানুষের জন্য ১,০০০ টিকিটের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছেন। তিনি রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের সঙ্গেও খেলা দেখেছেন। ফাইনালে ট্রাম্প কিংবা মামদানি—কাকে সমর্থন করছেন তা এখনো রহস্য। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি লেভিট জানিয়েছেন, ট্রাম্পের সমর্থন কার দিকে তা তার জানা নেই। অন্যদিকে, মামদানি রসিকতা করে বলেছেন, আমি এবার যার পক্ষ নিয়েছি সেই হেরেছে। এর আগে মেসিদের ম্যাচের সময় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ট্রাম্পের সংক্ষিপ্ত কথোপকথন হয়েছিল, যেখানে তিনি মেসির পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাজোহরান মামদানিডোনাল্ড ট্রাম্পফুটবলবিশ্বকাপস্পেন