ব্রিটিশ ফুটবলারদের মধ্যে রজার্সের দলবদলে নতুন রেকর্ড চেলসির

প্রকাশিত: 10:00 AM, July 22, 2026

ইংলিশ ফরোয়ার্ড মরগান রজার্স ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। মঙ্গলবার অ্যাস্টন ভিলা ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। যদিও চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রজার্সকে দলে পেতে চেলসি প্রায় ১১ কোটি ৭০ লাখ পাউন্ড বা প্রায় ১৯৩৩ কোটি টাকা খরচ করেছে।

এই দলবদলের মাধ্যমে রজার্স পেছনে ফেলেছেন এলিয়ট অ্যান্ডারসনকে। চলতি মাসের শুরুর দিকে নটিংহাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে যোগ দিয়েছিলেন অ্যান্ডারসন। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি দলবদলের রেকর্ডটি এখনো সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের দখলে, যিনি গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে যোগ দিয়েছিলেন।

২০৩৩ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া রজার্স নিজের অনুভূতি প্রকাশ করে ক্লাবের ওয়েবসাইটে বলেন, আমি ভীষণ রোমাঞ্চিত। আমার কাছে চেলসিই লন্ডনের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই এই ক্লাবকে আমি ভীষণ পছন্দ করি। নতুন কোচ, দলে থাকা খেলোয়াড় এবং ক্লাব যে পথে এগোচ্ছে—সবকিছু নিয়েই আমি দারুণ উচ্ছ্বসিত। এ কারণেই এখানে এসেছি। মাঠে নামার জন্য আর তর সইছে না।

রজার্সের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৮০ লাখ পাউন্ডে মিডলসবরো থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হওয়া এই ফরোয়ার্ড এখন পর্যন্ত দেশের জার্সিতে ২২টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড দলেরও সদস্য ছিলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড।

অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ৮৫ ম্যাচে ২১ গোল করেছেন রজার্স। গত মৌসুমে ক্লাবটিকে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে জায়গা করে নেওয়া এবং ইউরোপা লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড।