৮ লাখ মার্চেন্টে বাংলা কিউআর স্থাপন করল বিকাশ প্রকাশিত: 8:30 PM, July 22, 2026 দেশের ছোট-বড় মিলিয়ে আট লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর কোড স্থাপন সম্পন্ন করেছে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সীমার মধ্যেই অতিরিক্ত বিনিয়োগ ও জনবল ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এই মাইলফলক অর্জন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকাশের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ছোট মুদি দোকান থেকে শুরু করে ওষুধসামগ্রী, লাইফস্টাইল পণ্য, হোটেল-রেস্তোরাঁ এবং বড় সুপারশপ ও চেইনশপে গ্রাহকেরা বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারছেন। প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেম আরও শক্তিশালী হচ্ছে এবং বর্তমানে কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি পেমেন্ট সম্পন্ন হচ্ছে। গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করে তোলার লক্ষ্যে সারা দেশের ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ অফার চালু করেছে বিকাশ। এই অফারের আওতায় গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, মার্চেন্টদের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের সাথে যৌথভাবে একটি পরীক্ষামূলক সেবা চালু করেছে বিকাশ। এই ডিজিটাল সেবার মাধ্যমে মার্চেন্টরা তাদের অ্যাকাউন্টের লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুযায়ী তাৎক্ষণিক স্বল্পমেয়াদী ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন। SHARES অর্থনীতি বিষয়: ক্যাশব্যাকডিজিটাল পেমেন্টবাংলা কিউআরবিকাশমার্চেন্ট