পোশাক খাতে স্বচ্ছতা বাড়াতে জিআরআই ও বিজিএমইএ-র কৌশলগত অংশীদারিত্ব

প্রকাশিত: 4:01 PM, July 23, 2026

বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই ব্যবসায়িক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে 'ইমপ্রুভিং ট্র্যান্সপারেন্সি ফর সাসটেইনেবল বিজনেস' (আইটিএসবি) উদ্যোগকে বেগবান করতে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই)-এর মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়, যা ২০২৫ সাল থেকে শুরু হওয়া সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলো।

এই অংশীদারিত্বের মাধ্যমে বিজিএমইএ পোশাক খাতে স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবসায়িক নেতৃত্বের ভূমিকা পালন করবে। ‘জিআরআই স্ট্যান্ডার্ডস’ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব চিহ্নিত এবং প্রকাশের সক্ষমতা বৃদ্ধি করা হবে। আইটিএসবি উদ্যোগটি ছোট, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসহ সকল অংশীদারদের নিয়ে একটি সক্ষমতা বৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার অধীনে প্রশিক্ষণ, কর্মশালা, সংলাপ এবং ওয়েবিনার আয়োজন করা হবে। এছাড়াও, দেশীয় প্রতিষ্ঠানগুলো পোশাক খাতের বাস্তব চিত্র ও পরামর্শ জিআরআই-এর বৈশ্বিক মানদণ্ড নির্ধারণী পরিষদের কাছে তুলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশে এই উদ্যোগের ‘ট্রেইনিং অ্যান্ড আউটরিচ পার্টনার’ হিসেবে কাজ করছে ‘দ্য সাসটেইনেবিলিটি নেক্সাস’ বা সাসনেক্স।

ইতিমধ্যেই ২০২৬ সালের মে ও জুলাই মাসে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে মে মাসের মাস্টারক্লাসে পরিবেশ ও সামাজিক প্রভাব নিয়ে ধারণা দেওয়া হয় এবং জুলাইয়ের গোলটেবিল বৈঠক ও দ্বিতীয় মাস্টারক্লাসে অর্থনৈতিক প্রভাব, রেগুলেটরি লিংক এবং বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে রিপোর্টের মান মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জিআরআই প্রতিনিধিরা এই অংশীদারিত্বকে বাংলাদেশের পোশাক খাতের স্বচ্ছতা ও ইমপ্যাক্ট-ভিত্তিক রিপোর্টিং জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এর ফলে দেশীয় খাতের বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছাবে এবং বিশ্ববাজারে জবাবদিহিতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে।

বিজিএমইএ-র রেসপন্সিবল বিজনেস হাব এবং সাসটেইনেবিলিটি রিপোর্টিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া বলেন, বাংলাদেশের পোশাক শিল্প পরিবেশগত স্থায়িত্ব, নিরাপত্তা ও দায়িত্বশীল উৎপাদনে ইতোমধ্যে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। এখন লক্ষ্য হলো আন্তর্জাতিক মানদণ্ডে এই সাফল্য সঠিকভাবে পরিমাপ ও প্রকাশ করা। তিনি আশা প্রকাশ করেন যে, জিআরআই-এর বৈশ্বিক দক্ষতা, বিজিএমইএ-র নেতৃত্ব এবং সাসনেক্সের সহযোগিতায় এই যৌথ প্রয়াস পোশাক খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও ভবিষ্যৎ উপযোগী করে তুলবে।