তিন বছরেই পাল্টে যাবে গফরগাঁওয়ের চিত্র: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

প্রকাশিত: 10:02 PM, July 23, 2026

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ঘোষণা করেছেন যে, আগামী তিন বছরের মধ্যেই অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সামগ্রিক চিত্র আমূল বদলে যাবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম’ আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁও এর উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমপি বাচ্চু বলেন, আগামী প্রজন্মের জন্য একটি মানবিক, আধুনিক ও বাসযোগ্য গফরগাঁও গড়ে তোলার লক্ষ্যে তিনি এক মুহূর্তও সময় নষ্ট না করে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন দপ্তরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়ন বরাদ্দের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বর্তমানে পৌরসভায় ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া আরও ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, যা শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি অতিরিক্ত আরও ৫০ কোটি টাকার বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

গফরগাঁওয়ের জন্য আলাদা উন্নয়ন প্রকল্প প্রণয়নের কথা জানিয়ে এমপি বাচ্চু বলেন, প্রধানমন্ত্রীকে বিশেষ বরাদ্দের অনুরোধ জানানোর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের জন্য পৃথক প্রকল্প প্রণয়ন করেছে এবং এর জন্য প্রকল্প পরিচালকও (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে।

রাস্তাঘাটের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, গত পাঁচ মাসে উল্লেখযোগ্যসংখ্যক রাস্তা পাকাকরণ, এইচবিবি ও ইট সোলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। যেসব এলাকায় মাটির রাস্তার দাবি এসেছে, সেখানে বরাদ্দ শেষ হয়ে যাওয়ার পরও কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাস্তা বসে যাওয়ার পর পরবর্তীতে স্থায়ী উন্নয়ন কাজ করা সহজ হয়।