কক্সবাজারকে পর্যটন হাবে রূপান্তরে নতুন মাস্টারপ্ল্যান ও উদ্যোগ

প্রকাশিত: 10:48 PM, July 23, 2026

পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে পরিণত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেলগুলোর আধুনিকায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। কক্সবাজার পর্যটনখাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় পর্যটনমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন খুব দ্রুতই সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই বিমানবন্দরটি চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। সভার আলোচনায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট তৈরি এবং ব্লু ইকোনোমি ইউনিভার্সিটি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পর্যটন মন্ত্রীর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা অঞ্চলটিকে অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তাবনা অনুযায়ী দ্রুত কক্সবাজার স্মার্ট সিটি তৈরির মাস্টারপ্ল্যান কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।