রাশিয়ার বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হালিমা ইয়াসমিন মুক্তা প্রকাশিত: 1:02 PM, August 2, 2026 রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। রাশিয়া সরকারের কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের ১৯১টি দেশের প্রতিনিধিদের মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তাকে নির্বাচিত করা হয়েছে। তিনি ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’—এই দুই ক্যাটেগরিতে ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ বা পূর্ণ অর্থায়নপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। এই স্বীকৃতির ফলে তার যাতায়াত, আবাসন ও রুশ ভিসা ফিসহ যাবতীয় খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। এবারের সম্মেলনে বিশ্বের মোট ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে মনোনীত ৯০ জনের একজন হলেন মুক্তা। ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও গৃহিণী রাজিয়া সুলতানা দম্পতির সন্তান মুক্তা বর্তমানে লিথুয়ানিয়ার ‘লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’তে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্সে অধ্যয়ন করছেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া তার দেশের ট্রাভেল স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’ ও বহুজাতিক প্রতিষ্ঠান ‘উইংস ট্রাভেলস’-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে অত্যন্ত আনন্দিত মুক্তা। তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কিং তৈরি করাই তার প্রধান লক্ষ্য। এছাড়া ভবিষ্যতে দেশে ফিরে স্টার্টআপ শুরু করার জন্য তিনি এই সম্মেলনে আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিনিয়োগকারী খোঁজার পরিকল্পনা করছেন। SHARES ক্যাম্পাস বিষয়: ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথবাংলাদেশি প্রতিনিধিবিশ্ব যুব উৎসবরাশিয়াহালিমা ইয়াসমিন মুক্তা