কুমিল্লায় বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর, বিচ্ছিন্ন যোগাযোগ

প্রকাশিত: 2:01 PM, August 2, 2026

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে সরাসরি ইটবোঝাই একটি বাল্কহেডের ওপর পড়েছে। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাল্কহেডটিতে থাকা চালক, সুকানি, সহকারী এবং ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী জানান, তিনি ঢাকার জিঞ্জিরা থেকে ৫০ হাজার টাকা ভাড়ায় ৪০ হাজার ইট নিয়ে শনিবার ভোরে রওনা হয়েছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে খিরাই নদী দিয়ে খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছামাত্র বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর আছড়ে পড়ে। তিনি জানান, ২৫ লাখ টাকা মূল্যের বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন এবং কাপড়ের ব্যাগসহ সব সামগ্রী হারিয়ে গেছে। শ্রমিক কাশেম মিয়া জানান, ঘটনার পর থেকে টাকার অভাবে তিনি না খেয়ে আছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মজনু মিয়া জানান, দীর্ঘদিনের বর্ষা ও বৃষ্টির কারণে বেইলি সেতুর পাটাতনগুলোতে মরিচা পড়ে সেগুলো আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছিল। প্রায়ই পাটাতন দেবে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটত। এলজিইডির দাউদকান্দি উপজেলা কার্যালয়ের উদ্যোগে সেতুটি মেরামতের কাজ চলছিল। তবে প্রকৌশলী উপস্থিত না থাকায় মেরামতকারী শ্রমিকেরা না বুঝে সেতুর সংযোগের নাট খুলে ফেলেন, যার ফলে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই মেরামতকারী শ্রমিকেরা এলাকা থেকে দ্রুত পালিয়ে যান।

সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে দাউদকান্দি উপজেলার পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামকে এ বিষয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি এবং একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।