ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত: 1:31 PM, August 2, 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে তাদের পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে তিনি সম্ভাব্য একটি সমঝোতার ‘রূপরেখা’ চূড়ান্ত হওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অনুরোধের প্রেক্ষিতেই তিনি এই সামরিক অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে, এই সমঝোতা প্রক্রিয়াটি দ্রুত চূড়ান্ত করতে হবে। ট্রাম্পের মতে, এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণ এবং তাৎক্ষণিকভাবে উন্মুক্ত করা সম্ভব হবে। এছাড়া এর ফলে ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সম্ভাব্য হামলা বাতিল করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছিলেন। এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পর তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর নতুন কোনো হামলা চালায়, তবে তার ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অঞ্চলটির ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অঞ্চলটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার ট্রাম্প ইরানকে লক্ষ্য করে ‘খুব কঠোর’ হামলার হুমকি দিয়েছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানট্রাম্পমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রসামরিক হামলা