মনোহরদীতে ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের বিদায় সংবর্ধনা প্রকাশিত: 12:01 PM, August 5, 2026 নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ এবং পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া বলেন, ইউএনও এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে মনোহরদীতে ভূমি প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা এসেছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তার আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। নিজের বিদায়ী বক্তব্যে এম এ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদীতে দায়িত্ব পালন তার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। তিনি এখানকার মানুষ ও সহকর্মীদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং সরকারি চাকরির বদলিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তিনি নতুন কর্মস্থলেও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ভূমি অফিসের বিদায়ী কর্মকর্তাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। উপস্থিত বক্তারা সবাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: ইউএনওনরসিংদীপ্রশাসনবিদায় সংবর্ধনামনোহরদী