ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 11:00 AM, August 5, 2026

দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হলেও তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে না। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেন, এটি একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিলের ঘটনা, যা কাউকে দেশ থেকে বহিষ্কার করার সমতুল্য নয়।

এই পদক্ষেপের মূল কারণ হিসেবে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশটিতে ট্রাম্প প্রশাসনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত প্রার্থীর অনুমোদন আটকে দেওয়ার ব্রাজিলের সিদ্ধান্ত। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ব্রাজিলের পক্ষ থেকে ড্যানি পেরেজের মনোনয়ন অনুমোদন করা হলে রিবেইরো ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রদূত ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রিপাবলিকান মিত্র ড্যানি পেরেজকে গত জুন মাসে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়। তবে মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অনুমোদন এখনও মেলেনি। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্রের মতে, ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিক যোগাযোগের আগেই পেরেজের নাম ঘোষণা করায় এটিকে কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এ কারণে ব্রাজিল সরকার পেরেজের মনোনয়ন খতিয়ে দেখার পরিকল্পনা করছে। এই অনুমোদন ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় তাঁর দায়িত্ব গ্রহণ করতে পারবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।