তিন দফা দাবিতে সচিবালয়ের অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করার পর সচিবালয়ের অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ত্যাগ করে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন। তাদের এই কর্মসূচির ফলে সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

ঘটনাস্থলে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের তিন দফা দাবির সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মিছিলের সময় শিক্ষার্থীদের হাতে ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, তাদের তিন দফা দাবি এখনো পূরণ না হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাবি জানাতে যাচ্ছেন। আরেক শিক্ষার্থী নূরনন্নবী জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন, তাই তাদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার যেন দ্রুত সেগুলো বাস্তবায়ন করে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।