যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপের বাসিন্দারা প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬ ইউরোপে বসবাসকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার সংকট দিন দিন বাড়ছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগের কারণে ইউরোপের দেশগুলো এখন বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক জরিপে এমন চিত্রই উঠে এসেছে। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের বেশি মানুষ তাদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্র বা চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে থাকাকে নিরাপদ মনে করেন না। জরিপের ফলাফল অনুযায়ী, ইউরোপের ৮৪ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না। চীনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই আস্থার সংকট আরও প্রকট; ইউরোপের ৯৩ শতাংশ মানুষ মনে করেন চীনের প্রতিষ্ঠানগুলো তথ্যের সুরক্ষায় দায়িত্বশীল নয়। তবে ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ৫১ শতাংশ মানুষের আস্থা রয়েছে। দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জার্মানির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। বিপরীত চিত্র দেখা গেছে পোল্যান্ডে, যেখানে ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ২০ শতাংশ মানুষ চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। বেলজিয়ামের ৫৯ শতাংশ মানুষ মনে করেন, ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) অনুযায়ী ইউরোপে বসবাসকারীদের তথ্য প্রক্রিয়াকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর গোপনীয়তা নীতি মেনে চলতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ যেকোনো সময় নিজ দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য চাইতে পারে। এই ঝুঁকি ইউরোপের আদালত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো মার্ক স্কট বলেন, মুক্ত বাণিজ্য, ন্যাটো বা বাক্স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যকার মতপার্থক্য ডিজিটাল নীতিনির্ধারণ ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে গত জুন মাসে ব্রাসেলস 'ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ' ঘোষণা করে, যার লক্ষ্য ইউরোপের ভেতরেই উন্নত সেমিকন্ডাক্টর ও এআই অবকাঠামো গড়ে তোলা। ভন ডার লেন স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা এবং সেবাগুলো নিরাপদ রাখার প্রযুক্তির জন্য ইউরোপ অন্যদের ওপর নির্ভর করতে পারে না। তবে সরকারি নীতিমালা, স্বাস্থ্য ও করের নথির মতো সংবেদনশীল ক্ষেত্রে মাইক্রোসফট বা অ্যামাজনের সার্ভারের ওপর ইউরোপের নির্ভরতা এখনো বিদ্যমান। যদিও এর বিপরীতে কিছু দেশ সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। যেমন, অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফটের সেবা বর্জন করে ইউরোপের ওপেনসোর্সনির্ভর প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ দেশটির স্কুলগুলোতে গুগল ল্যাপটপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। SHARES প্রযুক্তি বিষয়: ইউরোপচীনজিডিপিআরতথ্য নিরাপত্তাপ্রযুক্তিযুক্তরাষ্ট্র