স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায়, হতাশ এমবাপ্পে প্রকাশিত: 2:00 PM, July 15, 2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখেই দলের ব্যর্থতার দায় স্বীকার করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি গণমাধ্যমের সামনে অকপটে স্বীকার করেন যে, স্প্যানিশদের কারিগরি ফুটবল ও কৌশলের সামনে ফ্রান্সের শক্তির জায়গাগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, যে কৌশল ও পারফরম্যান্স নিয়ে তারা মাঠে নামতে চেয়েছিলেন, তার কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জয় পাওয়া অসম্ভব। তিনি জানান, তাদের মূল পরিকল্পনা ছিল স্পেনকে হাই প্রেসিংয়ের মাধ্যমে চেপে ধরা, যাতে প্রতিপক্ষ তাদের ধীরগতির ছন্দ তৈরি করতে না পারে। কিন্তু মাঠের খেলায় স্প্যানিশরা সেই পরিকল্পনা গুঁড়িয়ে দেয়। এমবাপ্পে আরও বলেন, খেলা নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন তাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। বিশেষ করে মাঠের মাঝখানে বারবার ‘৩ বনাম ২’ খেলোয়াড়ের ব্যবধানে পিছিয়ে পড়ায় ফ্রান্স বড় বিপদে পড়েছিল। সেমিফাইনাল খেলার যোগ্য বল টাচ বা মুভমেন্ট কোনোটাই তাদের ছিল না বলে মন্তব্য করেন এই ২৭ বছর বয়সি ফরোয়ার্ড, যিনি চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৮ গোল করেছেন। দেশের হয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করে এমবাপ্পে বলেন, ফাইনালে উঠে দেশকে স্বপ্ন দেখানোর লক্ষ্য ছিল তাদের। তবে পরাজয়ের পরও মাথা উঁচু করে তা মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। বর্তমানে দলের ভেতরে তীব্র হতাশা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ফুটবল কারও জন্য থেমে থাকে না। এখন এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ছুটির পর নতুন অধ্যায়ের জন্য শূন্য থেকে শুরু করতে হবে। SHARES খেলাধুলা বিষয়: কিলিয়ান এমবাপ্পেফুটবলফ্রান্স ফুটবলবিশ্বকাপ ফুটবলস্পেন