মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি পরাজিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। এতে ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে নেমে আসে। গত অক্টোবরের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দর ১০০ ডলারের নিচে নামল। একই সময়ে মার্কিন বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। অন্যটি দিকে, মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে নতুন গতি দেখা গেছে। এই ফলাফলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গতিপথ স্পষ্ট হওয়ায় বাজারে বেশ কিছুদিন ধরে চলা অনিশ্চয়তা কেটে গেছে। এর প্রভাবে ওয়াল স্ট্রিটের প্রধান তিনটি শেয়ার সূচকই ঊর্ধ্বমুখী ছিল, যা মূলত প্রযুক্তি, যোগাযোগ পরিষেবা ও ভোক্তাপণ্য খাতের শেয়ারের দাম বাড়ার কারণে সম্ভব হয়েছে। তবে শেয়ারবাজারে সবচেয়ে বেশি দরপতনের মুখে পড়েছে জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো। মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের এমন ভরাডুবির পেছনে ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ বড় ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। SHARES অন্যান্য বিষয়: ওয়াল স্ট্রিটজ্বালানি তেলডোনাল্ড ট্রাম্পবিশ্ববাজারব্রেন্ট ক্রুডমার্কিন নির্বাচন